প্রধানমন্ত্রী মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন।
- আপডেট সময় : ০১:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
মানুষের দুর্ভোগ লাঘবে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস চালুর নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক।
সকাল ৯টার কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দিনব্যাপী সিনিয়র মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।
সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক।
বৈঠক শেষে ড. শামসুল হক জানান, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর সম্ভাব্যতা, রুট পরিকল্পনা ও সমন্বিত পরিবহন ব্যবস্থার বিষয়েও মতবিনিময় হয়েছে।
তিনি আরও জানান, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিশেষায়িত বিদ্যুৎচালিত বাস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া রাজধানীর ওপর চাপ কমাতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়েও আলোচনা হয়েছে।
এদিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।


























