বোনকে কুপিয়ে হত্যা, বোরকা পরে পালানোর সময় আটক ভাই
- আপডেট সময় : ০২:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে বোনকে হত্যার অভিযোগে জানে আলম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছেনোয়ারা বেগম (৪৮) ওই এলাকার সাবের আহমদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ছেনোয়ারার স্বামী ও ছেলে তারাবিহ নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। বাসায় একা থাকা অবস্থায় তার ছোট ভাই জানে আলম সেখানে যান। একপর্যায়ে স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে বোনের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন ছেনোয়ারা বেগম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জানে আলম বোরকা পরে এলাকা থেকে পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। তবে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, “আমরা নামাজে ছিলাম। ফিরে এসে দেখি স্থানীয়রা আমার মামাকে আটক করেছে।”
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















