ট্রাকের ধাক্কায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
- আপডেট সময় : ১২:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন আহাম্মেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠাঁলী এলাকার আরফান আলী শেখের ছেলে। একই ঘটনায় তার সহযাত্রী শাহাদাত শাকিল আহত হয়েছেন।
ফুলবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন আহাম্মেদ শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফুলবাড়িয়া থেকে ভালুকায় ফিরছিলেন। পথে জোরার ব্রিজ এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল আহত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, আরফান আলী শেখের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে নয়ন ছিলেন সবার বড়।






















