টিআইবি র্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে
- আপডেট সময় : ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, র্যাব সরকারের হাতিয়ার হিসেবে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের কারণ হয়ে উঠেছে। র্যাব বিলুপ্তির মাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেমন- ডিবি, এনএসআই ও ডিজিএফআই-এসবির সংস্কার শুরু করা উচিত। এছাড়া র্যাব সদস্যদের বিরুদ্ধে অভিযোগপ্রাপ্ত বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘন, অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও তিনি সুপারিশ করেছেন।
ড. ইফতেখারুজ্জামান অন্তবর্তীকালীন সরকারের জারি করা ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে অংশীজনদের মতামত সাপেক্ষে নতুন, স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করারও প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন, ব্যাংকের স্বাধীন ও স্বার্থসংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষিত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন।
নতুন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ বিষয়ে তিনি বলেন, কিছু প্রাথমিক প্রচেষ্টা সাধুবাদযোগ্য হলেও, চাঁদাবাজি বৈধতার মত বক্তব্য ও বিতর্কিত নিয়োগ নীতি সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে। তিনি যোগ্য ও অরাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়েছেন।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেছেন, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ অনুযায়ী সুশাসন ও দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনা মূলধারায় অন্তর্ভুক্ত করা, কর্তৃত্ববাদের পতন ও ক্ষমতার অপব্যবহারের প্রবণতা প্রতিরোধ করা, এবং কালো টাকা বৈধকরণ ও সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বন্ধ করার জন্য নির্দিষ্ট আইন প্রণয়ন অপরিহার্য।


























