মাটি-বালুখেকোদের নির্মূল করতে হবে: এমপি সরওয়ার নিজাম
- আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২১২৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও নদী থেকে বালু উত্তোলনের ফলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মাদকবিরোধী অভিযানের মতোই মাটিখেকো ও বালুখেকোদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, অপকর্মে জড়িতদের দলীয় পরিচয় দেখার সুযোগ নেই—সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। সরকারি প্রকল্প ও কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। কোনো কাজে দুর্নীতি হলে তা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।
সভায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




























