ইরানে আজ রাতেই হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বোমাবর্ষণ: মার্কিন অর্থমন্ত্রী
- আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
ইরানে সামরিক হামলার তীব্রতা বাড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এ বিষয়ে নতুন করে বক্তব্য দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, আজ রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এযাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানো হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে ‘সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ হামলার মাধ্যমে এসব স্থাপনার বড় ধরনের ক্ষতি সাধনের লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করা হবে।
সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা’ করার অভিযোগও তোলেন মার্কিন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
অন্যদিকে, চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ইঙ্গিত দিয়েছেন বেসেন্ট।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। ফক্স নিউজের ‘দ্য কাডলো রিপোর্ট’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার কারণে বিপুল পরিমাণ রুশ তেল সমুদ্রে আটকে রয়েছে। এসব তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হলে সরবরাহ বাড়ানো সম্ভব হবে।


























