এক সপ্তাহে ২৬৮ ফ্লাইট বাতিল, সীমিতভাবে মধ্যপ্রাচ্য রুট পুনরায় চালু
- আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে।
নিরাপত্তা কারণে ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ছিল—২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২০টি। মোট বাতিল ফ্লাইটের সংখ্যা এই সময়ে ২৬৮টি। ৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজ ২টি, জাজিরা এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, গালফ এয়ার ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্স ৪টি।
অন্যদিকে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটও চলতে থাকে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওমানের মাসকাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। প্রতিদিনের ফ্লাইট সংখ্যা ছিল—২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ৪১টি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল না হলেও ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইট নিয়মিত চলছে এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু রুটেও ফ্লাইট চালু হচ্ছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


























