নড়াইলে সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত
- আপডেট সময় : ০৪:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষীপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জিরু কাজীর গ্রুপ ও একই গ্রামের আক্তার মোল্যার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার কারণে বিরোধ চলে আসছিল। এর আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (৬ মার্চ) দুপুরে জিরু কাজী পক্ষের রাসেল শেখের একটি স্যালোমেশিন পাম্প চুরির ঘটনা নতুন উত্তেজনা তৈরি করে।
পরবর্তী দিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রুপ ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে জিরু কাজী (৫৫) সহ তার পক্ষের কাঞ্চন (১৭), আনোয়ার (৬৫), নজরুল (৬৫), হেমায়েত (৫৫), কেরামত (৪০), লিটন (৫০) এবং দুই নারী রেকসোনা (৪০) ও রেখা বেগম (৪৫) আহত হন।
প্রতিপক্ষ আক্তার মোল্যা (৬০) ও তার সহকর্মী হাসান (৫০), ফিরোজ (৪৫), মিরাজ (৪৫), শরিফুল (৪০) ও প্রিন্স (৩২) আহত হন। উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল, যশোর, খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।






















