গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশু, ১৯ ঘণ্টা পর মিলল একজনের মরদেহ
- আপডেট সময় : ১২:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু সুরাইয়া (৮)-কে উদ্ধারে এখনো নদীতে তল্লাশি অভিযান চলছে।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। নিখোঁজ সুরাইয়া স্থানীয় সোহেলের মেয়ে। তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চার শিশু ওসমানপুর খেয়াঘাট এলাকায় গড়াই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার সময় স্রোতে পড়ে যায়।
এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তাইবা ও সুরাইয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রবিবার সকালে তাইবার মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ সুরাইয়াকে খুঁজে পেতে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন।
এদিকে নিখোঁজ শিশুর সন্ধানে নদীর তীরে স্বজন ও এলাকাবাসীর ভিড় জমেছে। নিহত শিশুর পরিবার ও নিখোঁজ সুরাইয়ার স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।






















