সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর-হঠাৎপাড়া এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে নাসিমা বেগমকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। এ ঘটনায় তার স্বামী মিজানুর রহমান ভেজুকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নাসিমা বেগমের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকেই তার স্বামী মিজানুর রহমান ভেজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
তিনি আরও বলেন, পারিবারিক কলহের জেরে রাতে নাসিমা বেগমকে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির বাইরে এনে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






















