স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালালেন দুই সন্তানের জনক
- আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছেন দুই সন্তানের জনক নাঈম হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের আহম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাঈম হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তিনি পাশের গ্রামের এক গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কাপড়-চোপড় নিয়ে ওই গৃহবধূকে সঙ্গে করে অজানার উদ্দেশে চলে যান। পরে তারা বিয়ে করেছেন বলে জানা গেছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে নাঈম হোসেন বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, পারিবারিক অশান্তির কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নাঈমের এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দুই সন্তানের কথা বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া এবং অন্য একটি সংসার ভেঙে দেওয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















