বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন নিয়ে শঙ্কার তথ্য নেই : ইসি সচিব
- আপডেট সময় : ০৫:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, শেরপুর-৩ আসনের নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব না পড়ায় সেখানে পুনর্ভোটের প্রয়োজন হবে না। তবে বগুড়া-৬ আসনের কয়েকটি কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের নিরাপত্তা জোরদারে পুলিশের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী এসব ক্যামেরা ব্যবহার করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ নিয়ে কোনো আশঙ্কাজনক তথ্য পাওয়া যায়নি। দুই আসনেই পোস্টাল ভোটের ব্যবস্থা থাকবে এবং দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।
এ ছাড়া নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করবেন বলেও আশা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব।


























