বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ১১:০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, শনিবার এ হামলা চালানো হয়। এএফপিকে এক কর্মকর্তা জানান, একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণে আঘাত হানে। নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্রও কূটনৈতিক মিশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, রাজধানীতে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলার ঘটনা ঘটে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টার অবতরণস্থল (হেলিপ্যাড) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বিশাল এই দূতাবাস কমপ্লেক্সটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
তবে এ হামলার বিষয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দূতাবাস কর্তৃপক্ষ ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, অতীতে ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও এমন হামলার ঝুঁকি রয়েছে।


























