পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে নতুন সুখবর
- আপডেট সময় : ১২:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে স্বস্তির খবর দিয়েছে সরকার। জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, তিনটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ইতোমধ্যে কয়েকটি জ্বালানি তেলের জাহাজ দেশে পৌঁছেছে। দ্বিতীয়ত, সামনে ঈদুল ফিতর এবং তৃতীয়ত বোরো মৌসুমে কৃষকদের বাড়তি জ্বালানি চাহিদা রয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এরই মধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্টে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়বে কি না—এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক নয়। তবে সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত অর্থনীতি চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
এর আগে শনিবারই সরকার পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি কার্যক্রম চলবে।


























