রাজাঝির দিঘিতে আবারও মিলল অজ্ঞাতপরিচয় মরদেহ
- আপডেট সময় : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে আবারও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ফেনী মডেল থানা সংলগ্ন রাজাঝির দিঘির উত্তর পাশের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ফায়ার সার্ভিসের সদস্য ও পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর একই দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে সেই ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও মৃত্যুর রহস্য এখনও উদঘাটিত হয়নি।






















