বরিশালে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, দলীয় পদ থেকে বহিষ্কার
- আপডেট সময় : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
চাঁদার দাবিতে ড্রেজার ব্যবসায়ীর এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।
মনির সরদারের গ্রেপ্তারের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় তিনি দাবি করেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনে আগের সরকারের লোকজন এখনও রয়েছে। এ সময় তিনি ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগানও দেন।
ভুক্তভোগী পক্ষের একজন কর্মচারী জানান, তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে এক কর্মচারীকে ধরে নিয়ে মারধর করা হয়। পরে খোঁজাখুঁজির পর পুলিশ তাকে উদ্ধার করে। আহত কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করেন। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য পাইপ স্থাপন করে কাজ শুরু করার পর গত ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাধ্য হয়ে তিন দফায় এক লাখ টাকা দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা আবার আসে। এ সময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার প্রধান আসামি মনির সরদারকে শনিবার রাতে ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।




























