ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে
- আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ২০৭১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অত্যাধিক যানবাহনের চাপে সৃষ্টি হয়েছে যানজট। সময় বাড়ার সাথে সাথে তা মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাস স্টেশন থেকে ভবেরচর কলেজ রোড বাউশিয়া পাখির মোড় এলাকা পর্যন্ত ঢাকাগামী লেনে যানজট রয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে। বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেট কার, ওষুধবাহী গাড়ি, যাত্রীবাহী বাস, লরির, ট্রাক, মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগ।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে।






















