ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্ট
- আপডেট সময় : ১১:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ইরানে স্থল অভিযানের একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের ওপরই নির্ভর করছে।
প্রতিবেদন অনুযায়ী, এই অভিযান শুরু হলে তা চলমান সংঘাতের নতুন এক ধাপ হিসেবে বিবেচিত হবে। সম্ভাব্য অভিযানে পূর্ণমাত্রার যুদ্ধের পরিবর্তে বিশেষ বাহিনী ও সাধারণ পদাতিক সেনার সীমিত অংশগ্রহণ থাকতে পারে।
ওয়াশিংটন পোস্ট জানায়, ইতোমধ্যে ৪ হাজারের বেশি মার্কিন মেরিন সেনা জাহাজে করে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত রয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালির আশপাশের উপকূলীয় এলাকা। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই অভিযান মাসব্যাপী নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, পেন্টাগনের প্রস্তুতির উদ্দেশ্য সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিত করা, এর অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল-মার্কিন যৌথ অভিযানের পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০-এর বেশি আহত হয়েছে বলে জানা গেছে। একই সময়ে ইরানে হামলায় ১ হাজার ৩০০-এরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া পাল্টা হামলায় ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় বিভিন্ন দেশে আঘাত হেনেছে।


























