বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত, আহত ৩
- আপডেট সময় : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও কন্যাসহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
নিহত ইতি চক্রবর্তী (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০), তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরূপকাঠি উপজেলার পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, গ্রীনভিউ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে বাসটির একটি সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি কয়েকবার উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি শামীম শেখ জানান, আহতদের মধ্যে এক নারী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অন্যদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















