এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: সড়ক পরিবহনমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এসি বাসের ভাড়া এখনও সরকার নির্ধারণ করে না, তবে এ ভাড়া নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত বৈঠকের পরে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা কয়েকটি দুর্ঘটনা ছাড়া স্বস্তিদায়ক হয়েছে। অতিরিক্ত ভাড়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, সরকার আগামী ঈদে নিরাপদে মানুষ যেন বাড়ি ফিরতে পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
বৈঠকের সিদ্ধান্তে বলা হয়েছে, হাইওয়েতে যত্রতত্র বাস কাউন্টার থাকবে না, সব যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে উঠানো হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে রুট পরিবর্তন, অতিরিক্ত গতি ও অন্যান্য অনিয়ম নিয়ন্ত্রণ করা হবে।
মন্ত্রী আরও জানান, সরকারি তথ্য অনুযায়ী ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে ৪৭, নৌপথে ৮, রেলপথে ১৭ এবং অন্যান্য দুর্ঘটনায় বাকিরা প্রাণ হারিয়েছেন। আগের বছরের একই সময় এই সংখ্যা ছিল ১৮৭।


























