ছাত্রদল নেতা খোরশেদ হত্যা মামলায় প্রধান আসামি ‘কাকা তারেক’ ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৬:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যাকাণ্ডে গ্রেফতার প্রধান আসামি মোহাম্মদুল হক ওরফে ‘কাকা তারেক’-এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৯ মার্চ) দুপুরে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা খোরশেদ আলম। ঘটনার পরদিন চকরিয়ার খুটাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তারেককে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছোট ভাই নওশাদ আলম বাদী হয়ে তারেককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি ইতোমধ্যে নথিভুক্ত হয়েছে।
মামলায় প্রধান সাক্ষী হিসেবে রাখা হয়েছে নিহতের বান্ধবী ও নারী সমন্বয়ক রাইসা সুলতানা তারিনকে।
নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইউসুলেরঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই-আগস্ট আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
অন্যদিকে, প্রধান আসামি মোহাম্মদুল হক ওরফে কাকা তারেক রামু উপজেলার খোন্দকার পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।






















