৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে
- আপডেট সময় : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
সিলেট-আখাউড়া রেলপথের ভানুগাছ ও শমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় ইঞ্জিন বিকলের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হলে দ্রুত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে সকাল ৯টার দিকে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন এনে বিকল উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে নেওয়া হয়। এর মধ্য দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, বিকল্প ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করে স্টেশনে আনা হয়েছে। এ ঘটনায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়। বর্তমানে শমশেরনগর স্টেশনে উপবন এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস অবস্থান করছে।






















