শ্রীমঙ্গলে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ০৫:০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫) এবং অটোরিকশার যাত্রী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়া।
স্থানীয়দের বরাতে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ পাঁচজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে এবং অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।






















