জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা অবগত আছেন এবং এই কঠিন সময়ে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
এ সময় উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


























