পে স্কেল বৃদ্ধির দাবিতে টানা ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
দেশব্যাপী নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক এ তথ্য জানালেও এর পরদিন বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতা কমে গেছে।
সংগঠনের নেতারা মনে করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন জরুরি। তারা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এছাড়া ১০ এপ্রিল থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয় এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।


























