চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এ্যানি
- আপডেট সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, চলতি মাসেই প্রধানমন্ত্রী ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সারাদেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ড. আইনুন নিশাত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা ও ফারাক্কার পানি বণ্টন চুক্তি সংক্রান্ত কাজ চলছে কারিগরি কমিটির মাধ্যমে। এছাড়া, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক প্রভাবে কেউ নদী বা খাল দখল করতে পারবে না, এ বিষয়ে কঠোর নজর রাখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় ১,২০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূচিত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির ঐতিহ্য ধরে রেখে বর্তমান সরকার বিএনপির নির্বাচনী ইশতিহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০,০০০ কিলোমিটার খাল ও জলাধার খননের পরিকল্পনা গ্রহণ করেছে। গত ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করেন।




























