তেল নিতে এসে পাম্প কর্মচারীর হামলায় বৃদ্ধ কৃষকের মাথা ফাটল
- আপডেট সময় : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে নস্কর আলী (৬৫) নামে এক কৃষক আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। আহত নস্কর আলী উপজেলার দশমীপাড়া এলাকার মৃত মুলুক চান্দ দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নস্কর আলী তার মাঠে ব্যবহৃত স্যালো মেশিনের জন্য দ্রুত ৫০০ টাকার ডিজেল নিতে পাম্পে যান। এ সময় তেল দেওয়ার বিষয়টি নিয়ে পাম্প কর্মচারী জাহিদুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তেল দেওয়ার নজেল দিয়ে আঘাত করলে তার মাথায় চোট লাগে এবং তিনি রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
তবে ফিলিং স্টেশনের মালিক সাজাহান আলি দাবি করেন, এটি ইচ্ছাকৃত হামলা নয়। অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির মধ্যে নজেলে লেগে তিনি আহত হয়েছেন।
ঘটনার পর উভয় পক্ষ দামুড়হুদা মডেল থানায় বসে বিষয়টি মীমাংসা করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দীন জানান, দুই পক্ষের বাড়ি একই এলাকায় হওয়ায় তারা আপসে সমাধানে পৌঁছেছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






















