বলপূর্বক হরমুজ প্রণালি খোলা ‘অবাস্তব’: ম্যাক্রোঁ
- আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এর প্রভাব পড়ে বিশ্ববাজারে, যেখানে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে প্রণালিটি পুনরায় সচল করতে মিত্র দেশগুলোর কাছে যুদ্ধজাহাজ পাঠানোর সহায়তা চাইলেও প্রত্যাশিত সাড়া পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলপূর্বক সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন। দক্ষিণ কোরিয়া সফরকালে বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ম্যাক্রোঁ জানান, কিছু পক্ষ সামরিক শক্তি ব্যবহার করে প্রণালিটি খুলে দেওয়ার পক্ষে মত দিলেও ফ্রান্স কখনোই এই অবস্থানকে সমর্থন করেনি। তার মতে, এ ধরনের পদক্ষেপ বাস্তবসম্মত নয় এবং এতে বড় ধরনের ঝুঁকি রয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রণালি খুলতে গেলে সংশ্লিষ্ট বাহিনী ইরানের বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে পারে।
এ সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি। ম্যাক্রোঁর ভাষ্য, এসব হামলা দেশটির পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে না। বরং কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে ফ্রান্সের অনাগ্রহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা অপরিহার্য না হলেও তিনি তা চেয়েছিলেন।
একইসঙ্গে ব্যক্তিগত মন্তব্য করে ম্যাক্রোঁ ও তার স্ত্রীকে নিয়েও সমালোচনা করেন ট্রাম্প, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।



























