বিএনপি এখন আওয়ামী লীগের ধারায় ফিরে যাচ্ছে: আসিফ মাহমুদ
- আপডেট সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিএনপি একটি রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ক্ষমতায় এলেও সরকার গঠনের পর তারা সেই অবস্থান থেকে সরে গিয়ে আবারও আওয়ামী লীগের মতো পুরোনো ধারায় ফিরে যাচ্ছে।’
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বরিশালের চরমোনাই মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের চলমান তেল সংকট ও হাম টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তেল সংকটটি সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। দেশে এখনো পর্যাপ্ত মজুত রয়েছে। সরকার যেসব প্রতিষ্ঠানকে আমদানির দায়িত্ব দিয়েছে, তাদের ওপর সঠিকভাবে অভিযান পরিচালনা করলে এই সংকট দূর করা সম্ভব। শুরু থেকেই যথাযথ পরিকল্পনা থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।’
হাম সংক্রমণ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘গত কয়েক বছর ধরে হামের টিকা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হয়নি। রোগটি মহামারিতে রূপ নেওয়ার আগেই সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
এর আগে, বৃহস্পতিবার সকালে তিনি ও এনসিপির একটি প্রতিনিধি দল চরমোনাই দরবার শরীফে ফজরের নামাজ আদায় করেন। পরে জোহরের নামাজও তারা চরমোনাই ময়দানে আদায় করেন।
এসময় এনসিপি নেতা সরোয়ার তুষারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























