শিশুকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, অভিযুক্ত আটক
- আপডেট সময় : ১২:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই শিশু হলো—আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা স্থানীয় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল চুরির সন্দেহে কয়েকজন ব্যক্তি শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোর করে নিয়ে গিয়ে একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের নোংরা পানি পান করানো হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে আব্দুল্লাহ আল মাসুমসহ পাঁচজনকে আসামি করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।






















