ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার আদাখোলা গ্রামের নিজ বাড়ির পাশের সড়কের ধারে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়।
নিহত যুবকের নাম মিলন হাওলাদার (২৭)। তিনি ওই গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বজনদের কাছ থেকে খবর পেয়ে জানা যায়—দুপুরে বাড়ির পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় মিলনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে মিলনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।