গণভোট ইস্যুতে সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছে ১১ দলীয় ঐক্য
- আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
সংসদে গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশের পর তারা বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদের পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে ঐক্যের নেতারা অভিযোগ করেন, সংস্কার ও গণভোটের রায়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার কর্তৃত্ববাদী আচরণ করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অবস্থান অব্যাহত থাকলে অতীতের মতো পরিণতির মুখোমুখি হতে হতে পারে বর্তমান সরকারকে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি সুবিধাবাদী রাজনীতির দিকে ঝুঁকছে।
তিনি আরও বলেন, সংসদে অভ্যুত্থানকে যথাযথ মূল্যায়ন না করা হলে জনগণ রাজপথেই তার জবাব দেবে। গণরায় উপেক্ষা করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, একক কর্তৃত্ব বজায় রাখতেই গণভোট বাতিলের চেষ্টা চলছে।
সমাবেশে বক্তারা তেল সংকট ও হাম সংক্রমণ প্রতিরোধে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন।




























