৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া দেশের সব শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “ওই সময়ের পর যেসব শিল্প-প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সেগুলো আবার চালু করা হবে।”
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন বাজেটে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এআইআইবি। পাশাপাশি দেশে চলমান পরিবেশবান্ধব প্রকল্পগুলোতেও সংস্থাটি অর্থায়ন করবে।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক নিয়েও কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি প্রণোদনার কথাও তুলে ধরেছেন উদ্যোক্তারা।
তিনি আরও বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালুর প্রস্তাব দিয়েছেন, যাতে বিমানবন্দরে ঝামেলা ছাড়াই বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন।
এ ছাড়া ব্যাংকঋণের সুদহার হ্রাস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং সীমিত সংখ্যক ব্যবসায়ীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা। মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি-রপ্তানি ও বাণিজ্য গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও জানিয়েছেন তারা।


























