৪ দিন নিখোঁজ থাকার পর খোকনের দগ্ধ মরদেহ উদ্ধার, চাটখিলে উত্তেজনা
- আপডেট সময় : ০১:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি আংশিকভাবে পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রীপোল সংলগ্ন একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন পেশায় দিনমজুর ছিলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্যত্র তাকে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে যায়। পরে রোববার রাতে ঝোঁপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আব্দুল মোন্নাফ জানান, মরদেহে আগুনের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।






















