১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইকরামুল বারী টিপুর (নওগাঁ-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও জানান, চলতি বছরের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন ও ২৭৯ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন (এমবিবিএস) এবং ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন ও অন্যান্য সরঞ্জাম আমদানি এবং ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬৪৫ কোটি ২২ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ টাকার বেশি, সিরিঞ্জ কেনায় ৩০ কোটি ৮৮ লাখ টাকা, পরিবহন ব্যয়ে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি এবং সিরিঞ্জ শিপিংয়ে প্রায় ১ কোটি টাকা ব্যয় হয়েছে।
তিনি বলেন, ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েনি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























