পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর: ঢাকার ভাষ্যে ‘শুভেচ্ছা সফর’, দিল্লির মতে ‘সরকারি সফর’
- আপডেট সময় : ১২:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২১২২ বার পড়া হয়েছে
পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার বার্তা নিয়ে আজ বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এদিন দেশটির বাণিজ্য ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং সাড়ে ৫টায় আকবর রোডে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে বৈঠক করবেন তিনি।
ঢাকার পক্ষ থেকে সফরটিকে ‘শুভেচ্ছা সফর’ বলা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ‘সরকারি সফর’ হিসেবে উল্লেখ করেছে।
তবে সফরের প্রথম দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিক সূচিতে উল্লেখ করা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন। সে পথে দিল্লিতে যাত্রাবিরতি করছেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। উভয় দেশই এই সফরকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্থিতিশীল ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নয়াদিল্লিতে পৌঁছান খলিলুর রহমান ও হুমায়ুন কবির।


























