সারা দেশে ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন জানতে চান, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না এবং যেসব গ্রামে নেই, সেগুলোর সংখ্যা ও নাম কী। পাশাপাশি ওইসব গ্রামে সরকারি উদ্যোগে নতুন বিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি না—তাও জানতে চান তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়নি। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রামে ৮১৮টি, রাজশাহীতে ৩৫৫টি, রংপুরে ৩৭টি, খুলনায় ৩৪৯টি, বরিশালে ৪৫টি, সিলেটে ২৬০টি এবং ময়মনসিংহে ২৬৬টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৭টি।
তিনি আরও জানান, ভবিষ্যতে এসব বিদ্যালয়বিহীন গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা ও নির্ধারিত শর্ত বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


























