দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০,২৯৫টি রয়েছে
- আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০,২৯৫।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত প্রভাষক পদের শূন্য সংখ্যা ৬৫৬ এবং নন-ক্যাডার প্রভাষকের শূন্য সংখ্যা ২,৪১০। এছাড়া বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ১,৩৪৯টি পদ শূন্য রয়েছে। এমপিওভুক্ত কলেজে মোট ১,৩৪৪টি শূন্য পদের নিয়োগ কার্যক্রম চলমান।
শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম থেকে ৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রক্রিয়া চলমান।
মন্ত্রী আরও জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে হচ্ছে। ২৯ মার্চ, ২০২৬ তারিখে e-Requisition (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদ পূরণের কার্যক্রম নেওয়া হবে।
এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১,১৫১টি শূন্য পদ পূরণের জন্য ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত) আয়োজন করা হয়েছে এবং আবেদন গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শূন্য পদ দ্রুত পূরণ হওয়ার আশা করা যাচ্ছে।


























