স্বাদ-মান অক্ষুণ্ন রেখে ইলিশ উৎপাদন বাড়ানোর গবেষণা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের আরও সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কীভাবে জাটকার উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় এবং ইলিশের ডিমের সঠিক পরিস্ফুটনের মাধ্যমে জাটকার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব—এসব বিষয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে ‘ইলিশ গবেষণা: অর্জন, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশে ভরবে নদী-সাগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কর্মশালাটি আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, ইলিশের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ন রেখে উৎপাদন বাড়ানোর নতুন উপায় উদ্ভাবনে বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে। এমন প্রযুক্তি বা পদ্ধতি উদ্ভাবন প্রয়োজন, যাতে ইলিশের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রেখেই উৎপাদন বৃদ্ধি সম্ভব হয় এবং দেশের চাহিদা পূরণ করা যায়।
জেলেদের উদ্দেশে তিনি বলেন, নদী ও জাল যেহেতু তাদের জীবিকার অংশ, তাই জাটকা আহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নির্ধারণে তাদের মতামত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইলিশের স্বল্পতা এখন সারাদেশের সমস্যা; তাই উৎপাদন বাড়িয়ে এই মূল্যবান মাছকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, ইলিশ বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য এবং বিশ্বে উৎপাদিত ইলিশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে আসে। এ গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


























