বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে: জয়শঙ্কর
- আপডেট সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করা ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনা, শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিত করার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব নিয়েও মতবিনিময় হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।






















