ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ২
- আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ও বর্জ্য মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব হোসেন (২০) নামে এক ব্যবসায়ী ও ইমরান (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট ইস্ট কম্পোজিট’ নামের একটি গার্মেন্টস কারখানার ঝুট ও বর্জ্য মালামাল নামানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী অভি-মনির-আরিফ গ্রুপের সঙ্গে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ এবং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে, ইট-বালু ব্যবসায়ী রাকিব হোসেন এবং পথচারী কিশোর ইমরান। রাকিবের হাতে এবং ইমরানের পেটে গুলি লাগে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাকিবকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং ইমরানকে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় গোলাগুলি ও বিস্ফোরণে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। নিরাপত্তার জন্য মানুষজন ছোটাছুটি শুরু করে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
আহত রাকিব দাবি করেন, সংঘর্ষের সময় মশিউর রহমান রনি, তার সহযোগী অভি ও আরিফসহ কয়েকজন তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
অভিযোগের বিষয়ে জানতে মশিউর রহমান রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, গার্মেন্টসের বর্জ্য মালামাল নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাকিব নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইমরান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা গেলেও বিষয়টি যাচাই করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।






















