৭ মিনিটেই গণতন্ত্র হত্যা করে বাকশাল হয়েছিল: সংসদে শফিকুর রহমান
- আপডেট সময় : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৯ বার পড়া হয়েছে
১৯৭৫ সালে অল্প সময়ের আলোচনার মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্রের অবসান ঘটিয়ে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জিয়াউর রহমানের উদ্যোগেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বর্তমান সংসদ সেই ধারাবাহিকতারই একটি অংশ।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭১ সালে কে কী ভূমিকা পালন করেছেন, তা আল্লাহই ভালো জানেন। আমরা প্রত্যেকে সেই সময়ের আংশিক সাক্ষী।’
তিনি আরও বলেন, ১৯৭৯ সাল থেকে জামায়াতে ইসলামী দায়িত্ববোধ, আন্তরিকতা ও ঐক্যের আহ্বান নিয়ে কাজ করে যাচ্ছে।
আলোচনাধীন বিল সম্পর্কে তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাসের বিষয়টি তারা সংসদের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিচ্ছেন। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত।
এদিন বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত বিলসহ মোট আরও আটটি বিল পাস হয়।




























