টেকনাফে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাড়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে হোছনী খালসংলগ্ন একটি কালভার্টের নিচে তিনটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো খুলে মরদেহের অংশ উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়।
এখনো নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






















