শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, তিন দিন পর উদ্ধার—আটক ৩
- আপডেট সময় : ১০:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২০৭২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশু চিকিৎসক ডা. অনিমেষ পরমান্যকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৯টার দিকে সুন্দরবনের গোলাখাল এলাকা থেকে শাহিন নামে এক জেলে তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।
উদ্ধার হওয়া ডা. অনিমেষ পরমান্য বৈশখালী গ্রামের মৃত নেতাই পরমান্যর ছেলে। তিনি গত শনিবার সকালে চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের সুন্দরবন বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই প্রিয়নাথ মন্ডল শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী ডা. অনিমেষ জানান, ২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বের হয়ে সুন্দরবন বাজারে পৌঁছালে টেংরাখালী গ্রামের আশরাফ, মিরগাং গ্রামের জব্বার, মাহমুদুল ও শাহীন তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি ঘরে আটকে রেখে চোখ বেঁধে মারধর করা হয় এবং পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান জোরদার হলে অপহরণকারীরা তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়। পরে সোমবার সকালে এক জেলের নৌকায় তাকে তুলে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মরাগাং গ্রামের নজরুল গাজীর ছেলে মাহমুদুল, সুজা উদ্দিন গাজীর ছেলে আব্দুল জব্বার এবং নেছার আলীর ছেলে শাহিনুর গাজীকে আটক করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ডা. অনিমেষকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।






















