পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মায়ের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে অনুসন্ধান; আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানাল সরকার
- আপডেট সময় : ০৭:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে অবহেলিত অবস্থায় ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর যুগ্ম সচিব ছেলে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বুধবার এ বিষয়ে বলেন, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নূর জাহান বেগম যে ফ্ল্যাটে বসবাস করতেন, তার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। মরদেহ উদ্ধারের সময়ও ভয়াবহ পরিস্থিতির চিত্র সামনে আসে। পুলিশ জানিয়েছে, মরদেহে পোকামাকড়ের অস্তিত্ব পাওয়া গেছে।
নূর জাহান বেগমের এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, অন্য ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। প্রতিবেশীরা অভিযোগ করেন, পরিবারের সদস্যদের অবহেলার কারণেই প্রবীণ নারীকে এমন করুণ পরিণতি বরণ করতে হয়েছে।
এ ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ২০১৩ সালের ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’। আইনে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা জরিমানা অনাদায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এদিকে নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনাকে অমানবিক ও মর্মান্তিক বলে আখ্যায়িত করেছেন।






















