সারাদেশ
এক পশলা বৃষ্টিতেই ডুবে সাভার পৌরসভা: ব্যাংক কলোনিতে হাঁটুসমান পানি, শিক্ষা কার্যক্রম ব্যাহত—স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী
- আপডেট সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ২০৭২ বার পড়া হয়েছে
এক পশলা বৃষ্টিতেই সাভার পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগের চিত্র দেখা গেছে ব্যাংক কলোনী এলাকায়, যা “স্কুলের শহর” হিসেবে পরিচিত। এলাকাজুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
সোমবারের বৃষ্টির পর ব্যাংক কলোনির বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পানি মাড়িয়ে প্রতিষ্ঠানে যেতে দেখা যায়। অনেক অভিভাবক শিশুদের কোলে নিয়ে কিংবা রিকশায় করে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পৌঁছে দেন। কোথাও কোথাও পানি শ্রেণিকক্ষের প্রবেশপথ পর্যন্ত পৌঁছে যাওয়ায় শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হয়।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অনেক দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। জলাবদ্ধতার কারণে যান চলাচলেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এক যুগেরও বেশি সময় ধরে ব্যাংক কলোনিসহ সাভারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা একটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে, কিন্তু স্থায়ী সমাধানের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল ও নিয়মিত পরিষ্কারের অভাবই এই সমস্যার মূল কারণ।”
এ বিষয়ে সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে দ্রুত কাজ চলছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সাময়িক পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে না। আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা পুনরুদ্ধার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সাভার পৌরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়া সম্ভব।
এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা—প্রতিবছর বর্ষা এলেই যেন একই দুর্ভোগের পুনরাবৃত্তি না হয়। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সাভার পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হোক।






















