সারাদেশ
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে আবুল বাশার? উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতিতে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী
- আপডেট সময় : ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২০৭৩ বার পড়া হয়েছে
আসন্ন সাভার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও জনসম্পৃক্ততা ইতোমধ্যেই চোখে পড়ার মতো। এরই মধ্যে স্থানীয়দের একটি অংশের দাবি, জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবুল বাশার।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, করোনা মহামারির কঠিন সময়ে নিজের নিরাপত্তার কথা না ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আবুল বাশার। খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা এবং জরুরি মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। সেই সময়ের মানবিক ভূমিকার কারণে এখনো অনেক বাসিন্দা তাকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক নানা কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন আবুল বাশার। ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষার্থীদের সহযোগিতা কিংবা সামাজিক যেকোনো প্রয়োজনে তাকে কাছে পেয়েছেন বলে দাবি করেন অনেকেই। এ কারণেই তিনি ধীরে ধীরে ১নং ওয়ার্ডের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বলে স্থানীয়দের একটি অংশের মত।
এলাকার কয়েকজন ভোটার জানান, আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থী মাঠে থাকলেও জনসংযোগ, গ্রহণযোগ্যতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে আবুল বাশারকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটাররাই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবেন বলেও তারা মন্তব্য করেন।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবুল বাশার বলেন,”আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো মানুষের পাশে থাকা। বিগত সময়েও সেই চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। নির্বাচিত হলে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন,”ওয়ার্ডের যেসব এলাকায় এখনো রাস্তা, ড্রেন ও কালভার্টের কাজ অসম্পূর্ণ রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। যেসব এলাকায় আরসিসি ঢালাই রাস্তা হয়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।”
শিক্ষা খাতের বিষয়ে তিনি বলেন,”প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করতে চাই। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে জন্য দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।”
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে আবুল বাশার বলেন,”একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করবো।”
তিনি আরও জানান,”ওয়ার্ডের যেসব এলাকায় এখনো সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা হয়নি, সেগুলো বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। নির্বাচিত হলে এসব কাজ দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
আসন্ন সাভার পৌরসভা নির্বাচন ঘিরে ১নং ওয়ার্ডে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে কাজ করছেন। এর মধ্যেই জনসেবা ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে আলোচনায় রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আবুল বাশার। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে কে হবেন ১নং ওয়ার্ডের আগামী জনপ্রতিনিধি।






















