গাইবান্ধায় নিষিদ্ধ চায়না জালে অবাধে মাছ শিকার, হুমকিতে দেশীয় মাছ
- আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২০৭০ বার পড়া হয়েছে
গাইবান্ধার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট ও রিং চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য।
দৈনিক বঙ্গ সংবাদ-এর অনুসন্ধানে সোমবার সকালে গাইবান্ধার বিভিন্ন এলাকায় দেখা যায়, খাল-বিল, নদী ও জলাশয়ে নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব জালে বড় মাছের পাশাপাশি নির্বিচারে ধরা পড়ছে মাছের পোনা ও ছোট মাছ।
এ ছাড়া জালে আটকা পড়ে সাপ, কাঁকড়া, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণীও মারা যাচ্ছে। ফলে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নিষিদ্ধ চায়না জালের ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসলেও কার্যকরভাবে বন্ধ করা যাচ্ছে না। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও নিয়মিত নজরদারি না থাকায় কিছুদিন পর আবারও এসব জালের ব্যবহার শুরু হয়।
এলাকাবাসীর দাবি, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা এবং জাল বিক্রি ও ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন আরও কমে গিয়ে মাছের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।






















