ইসলামপুরে দপ্তর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময়, নজরুল বর্ষের উদ্বোধন
- আপডেট সময় : ১১:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২০৬৮ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে স্মরণ করে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা মিনি অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোহ জুবায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ইসলামপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দুই কৃষকের হাতে সরিষার তেল উৎপাদনের মেশিন তুলে দেওয়া হয়। পরে কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















