সাতক্ষীরার শ্যামনগরে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামীর স্বেচ্ছায় আত্মসমর্পণ, ওসির পুরস্কার
- আপডেট সময় : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর থানায় দুটি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত) এক আসামী পালিয়ে না বেড়িয়ে স্বেচ্ছায় থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। আইনের প্রতি তার এমন শ্রদ্ধাবোধ ও ব্যতিক্রমী পদক্ষেপে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
আত্মসমর্পণকারী আসামীর নাম মুকুল হোসেন। তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের শফিকুল মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুকুল হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশের নিয়মিত অভিযানের মুখে আত্মগোপনে না থেকে তিনি নিজে থেকেই থানায় উপস্থিত হয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানান এবং আত্মসমর্পণ করেন। তার এই সৎসাহস ও আইনি শ্রদ্ধাবোধ দেখে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী তাকে সাধুবাদ জানান এবং তাকে পুরস্কৃত করেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওয়ারেন্টভুক্ত কোনো আসামীর স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করার ঘটনা প্রশংসনীয়। মুকুল হোসেন পালিয়ে না থেকে নিজে থানায় এসে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই ইতিবাচক মানসিকতাকে উৎসাহিত করতেই তাকে পুরস্কৃত করা হয়েছে।
পুলিশের এমন মানবিক ও সৃজনশীল পদক্ষেপে স্থানীয় সচেতন মহলেও বেশ প্রশংসার সৃষ্টি হয়েছে।






















